নিজ সংবাদ:
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। সোমবার (৯ মার্চ) কক্সবাজারে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
ভারতের পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকায় গত শনিবার রাতে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্কফোর্স (এসটিএফ) তাদের গ্রেফতার করে। বাংলাদেশ সরকার দ্রুত এ বিষয়ে কূটনৈতিক ও আইনি পদক্ষেপ নিয়েছে। মন্ত্রী বলেন, দ্বিপক্ষীয় আসামি হস্তান্তর চুক্তি অনুযায়ী দুজনকে ফিরিয়ে আনা হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে চলমান যৌথ অভিযান নিয়ে তিনি বলেন, সরকার কোনো সন্ত্রাসী, চাঁদাবাজ বা সংঘবদ্ধ অপরাধীকে ছাড় দেবে না। এটি সরকারের দৃঢ় প্রতিশ্রুতি। রমজানের পর সারাদেশে সন্ত্রাসবিরোধী বড় অভিযান শুরু হবে, যাতে জনগণ নিরাপদ ও স্বস্তিতে থাকতে পারে। মবিং বা আইন হাতে তুলে নেওয়ার প্রসঙ্গে মন্ত্রী বলেন, সব ঘটনাকে মব বলা যায় না। বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটলেও মবকে কোনোভাবে প্রশ্রয় দেওয়া হবে না। এছাড়া কক্সবাজার শহরের যানজট নিরসনে পুরো এলাকায় সিসিটিভি স্থাপন এবং ব্যাটারিচালিত ইজিবাইক নিয়ন্ত্রণের পরিকল্পনার কথাও জানান তিনি।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আ. মান্নান। উপস্থিত ছিলেন সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল, শাহজাহান চৌধুরী ও আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ।