সংসদে খারাপ সংস্কৃতি মুছে দেবে বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজ সংবাদ:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি সংসদের খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায়। আশা করি আমাদের ভবিষ্যৎ সংসদ অধিবেশন দেখে জাতি অনেকটা আশ্বস্ত হবে। তারা বলবেন, এমন একটি সংসদই তারা দেখতে চেয়েছিলেন। অতীতে সংসদে যেসব নেতিবাচক সৃষ্টি হয়েছে, সেগুলো মানুষের মন থেকে আমরা মুছে দেব।

শনিবার (৭ মার্চ ২০২৬) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে সংসদ সদস্যদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার শেষ দিনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “কনস্টিটিউশন, রুলস অব প্রসিডিউর, কাস্টমস, কনভেনশন অব দি হাউস—এসব বিষয় নিয়ে সংসদ সদস্যদের সঙ্গে আলাপ হয়েছে। সেই সঙ্গে বিশ্বের যেসব দেশ শক্তিশালী গণতন্ত্রের চর্চা করে, সেসব দেশের সংসদীয় রীতি নিয়ে কথা বলেছি। আশা করি আমাদের ভবিষ্যৎ সংসদ অধিবেশন দেখে জাতি অনেকটা আশ্বস্ত হবে।” নতুন সংসদ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, “যারা নতুন সংসদ সদস্য, তারা নতুন করে যাত্রা শুরু করবেন, ভালো শিখবেন। তাদের ভেতরে কোনো খারাপ সংস্কৃতি না থাকলে ভালো শিক্ষাটা পাবেন। একটা বাচ্চা যেমন জন্মের পর সতেজ সংস্কৃতি শিখে, ঠিক সেইভাবে নবীন সংসদ সদস্যদেরও প্রস্তুত করার চেষ্টা করছি।”

এই প্রশিক্ষণের মূল লক্ষ্য জনপ্রত্যাশা পূরণে সংসদ সদস্যদের দক্ষ করে তোলা। কর্মশালায় সংসদীয় কার্যক্রম, বিধি-বিধান, আচার-ব্যবহার এবং মন্ত্রণালয় পরিচালনার কৌশল নিয়ে আলোচনা হয়েছে। অভিজ্ঞ সাবেক আমলা, একাডেমিশিয়ান ও সাবেক সংসদ সদস্যরা প্রশিক্ষক হিসেবে অংশ নিয়েছেন।

দুই দিনের এই কর্মশালার শেষ দিন সকালের সেশনে ঢাকা জেলা, ময়মনসিংহ, ঢাকা বিভাগ ও ফরিদপুর জেলার সংসদ সদস্যরা অংশ নেন। বিকেলের সেশনে সিলেট, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলের সংসদ সদস্যরা উপস্থিত থাকবেন। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে সামনে রেখেই নবনির্বাচিত জনপ্রতিনিধি ও মন্ত্রীদের জন্য এই নিবিড় প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।