নিজ সংবাদ:
বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভারতে বসে শেখ হাসিনা দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছেন, যা রীতিমতো ফৌজদারি অপরাধ। গুম ও খুনের চেয়েও বড় ভয়াবহ বাস্তবতা হলো—ফ্যাসিস্ট শেখ হাসিনার এসব নিয়ে কোনো অনুশোচনা ছিল না।
রোববার (৮ মার্চ ২০২৬) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ মিলনায়তনে বিশ্ব নারী দিবস উপলক্ষে ‘মায়ের ডাক’ প্রামাণ্য চলচ্চিত্রের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। মির্জা ফখরুল বলেন, গত দেড় দশকে ফ্যাসিস্ট শেখ হাসিনা অসংখ্য পরিবারকে নিঃস্ব করেছেন। শত শত মানুষকে গুম ও খুন করা হয়েছে, কিন্তু তার মধ্যে বিন্দুমাত্র অনুশোচনা দেখা যায়নি। গুম হওয়া পরিবারের জন্য ভাতা দেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে চিঠি লিখে আবেদন করা হবে।
তিনি জানান, গুম ও খুনের শিকার পরিবারগুলোকে রাষ্ট্রীয় কাঠামোর আওতায় সহায়তা দেওয়ার বিষয়ে সরকার আন্তরিক। অনুষ্ঠানে গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্য, মানবাধিকার কর্মী ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন। বিএনপির গুম হওয়া নেতা পারভেজ হোসেনের মেয়ে হৃদীর স্মৃতিচারণে মিলনায়তনে উপস্থিত অনেকেই অশ্রুসিক্ত হয়ে পড়েন।
মন্ত্রী বলেন, নারীর অধিকার ও ন্যায়বিচার নিশ্চিত করতে সরকার ও সংশ্লিষ্ট সবাইকে এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে।