আন্তর্জাতিক ডেস্ক:
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ভয়াবহ বিমান হামলার পর বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালিতে অচলাবস্থা সৃষ্টি হয়েছে। শিপিং ডেটা ও মেরিন ট্রাফিকের তথ্য অনুযায়ী, প্রণালির দুই প্রবেশমুখে শতাধিক তেল ও এলএনজি বাহী ট্যাংকার আটকা পড়েছে। রয়টার্স জানিয়েছে, অন্তত ১৫০টি বিশালাকার ট্যাংকার খোলা সমুদ্রে নোঙর ফেলে অপেক্ষা করছে, যার অধিকাংশই অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বহন করছে।
বিশ্বের মোট জ্বালানি তেলের চাহিদার প্রায় ২০ শতাংশ এবং এলএনজির এক-পঞ্চমাংশ এই সরু জলপথ দিয়ে যায়। শনিবারের হামলার পর অঞ্চলে যুদ্ধের আশঙ্কায় বেশ কয়েকটি তেল কোম্পানি ও ট্রেডিং হাউস প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্থগিত করেছে। বিশ্লেষকরা সতর্ক করেছেন, এ অচলাবস্থা দীর্ঘায়িত হলে অপরিশোধিত তেলের দাম আকাশচুম্বী হতে পারে এবং বৈশ্বিক সরবরাহ চেইন মারাত্মকভাবে বিঘ্নিত হবে।