রায় জালিয়াতিসহ ৪ মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন

নিজ সংবাদ:

জুলাই আন্দোলনের সময় যুবদল কর্মী হত্যা মামলা ছাড়াও তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত রায় জালিয়াতির চার মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে জামিন দিয়েছেন হাইকোর্ট। রোববার (৮ মার্চ ২০২৬) বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি মো. সগীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তার আবেদনের পরিপ্রেক্ষিতে জারিকৃত রুল যথাযথ ঘোষণা করে এ রায় দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মুনসরুল হক চৌধুরী, অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু, ব্যারিস্টার সারা হোসেন, সাঈদ আহমেদ রাজা ও আইনজীবী মোনায়েম নবী শাহীন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জহিরুল ইসলাম সুমন। আইনজীবীরা জানান, খায়রুল হকের বিরুদ্ধে দুদকের আরেকটি মামলা থাকায় তিনি এখনই কারামুক্তি পাচ্ছেন না।

গত বছরের ২৪ জুলাই ধানমন্ডির বাসা থেকে গ্রেফতার হন খায়রুল হক। পরে তাকে যাত্রাবাড়ীতে যুবদল কর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়। এ ছাড়া তত্ত্বাবধায়ক সরকার রায় জালিয়াতির অভিযোগে গত ২৭ আগস্ট শাহবাগ থানায় মামলা করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মুজাহিদুল ইসলাম শাহীন। একই অভিযোগে ২৫ আগস্ট নারায়ণগঞ্জের ফতুল্লা ও বন্দর থানায় পৃথক দুটি মামলা হয়। এর আগে ৪ আগস্ট প্লট জালিয়াতিতে দুদকও একটি মামলা করে। নিম্ন আদালতে জামিন নামঞ্জুর হওয়ার পর তিনি হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন। হাইকোর্ট পাঁচ মামলায় জামিন প্রশ্নে রুল জারি করেছিলেন। রায়ে রুল যথাযথ ঘোষণা করে এই চার মামলায় জামিন মঞ্জুর করা হলো।