যুদ্ধের জেরে বাংলাদেশ বিমানের মধ্যপ্রাচ্য ফ্লাইট ৮ মার্চ পর্যন্ত বাতিল

নিজ সংবাদ:

ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতের কারণে আকাশপথে নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় রাষ্ট্রীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আগামী ৮ মার্চ পর্যন্ত মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট বাতিল করেছে। শুক্রবার (৬ মার্চ ২০২৬) দুপুরে ট্রাভেল এজেন্সিগুলোকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। এর আগে ৩ থেকে ৫ মার্চ পর্যন্ত এসব রুটে ফ্লাইট বন্ধ ছিল। এখন তা আরও তিন দিন বর্ধিত করা হয়েছে। বাতিল হওয়া গন্তব্যগুলোর মধ্যে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবুধাবি ও শারজাহ; সৌদি আরবের দাম্মাম; কাতারের দোহা এবং কুয়েত।

বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতির উন্নতি হলে যাত্রীদের বাতিল ফ্লাইটের নতুন সময়সূচি জানিয়ে দেওয়া হবে। বিমান সূত্রে জানা যায়, গত ২৮ ফেব্রুয়ারি বিকেল থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। এর সরাসরি প্রভাব পড়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। আকাশপথ বন্ধ থাকায় আন্তর্জাতিক বিভিন্ন এয়ারলাইন্সের ফ্লাইট সূচিতে ব্যাপক বিপর্যয় দেখা দিয়েছে। পরিসংখ্যান অনুযায়ী, এই যুদ্ধপরিস্থিতির প্রভাবে ঢাকা থেকে শুক্রবার পর্যন্ত বিভিন্ন এয়ারলাইন্সের মোট ২৪৫টি ফ্লাইট বাতিল হয়েছে। বিমানের পক্ষ থেকে বলা হয়েছে, আকাশপথের উত্তেজনা কমে না আসা এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই অনিশ্চয়তা অব্যাহত থাকবে।

যাত্রীদের নিয়মিত বিমানের কল সেন্টার বা সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হয়েছে। প্রবাসী যাত্রী, ব্যবসায়ী ও পর্যটকরা এই ফ্লাইট বাতিলের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন। বিমান কর্তৃপক্ষ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত জানাবে বলে আশ্বাস দিয়েছে।