ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবী প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর

গত কয়েক মাসে দেশে ভূমিকম্পের প্রবণতা আশঙ্কাজনক হারে বেড়েছে। সদ্যবিদায়ী ফেব্রুয়ারি মাসে একাই ১০টি ভূমিকম্প আঘাত হেনেছে বিভিন্ন অঞ্চলে। এ পরিস্থিতিতে ঢাকা মহানগরীতে ভূমিকম্প মোকাবিলায় ১ লাখ স্বেচ্ছাসেবী প্রস্তুত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (১ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু সাংবাদিকদের এ তথ্য জানান। প্রধানমন্ত্রী ভূমিকম্পের পর প্রাথমিক আশ্রয়ের জন্য শহরের খেলার মাঠ ও স্কুলগুলো চিহ্নিত করতে বলেছেন। ভূমিকম্পের সময় ও পরবর্তী করণীয় নিয়ে ব্যাপক জনসচেতনতা তৈরিরও নির্দেশ দিয়েছেন।

মন্ত্রী জানান, ভূমিকম্প মোকাবিলায় একটি প্রাথমিক পরিকল্পনা প্রস্তুত করা হচ্ছে। আগামী ১১ মার্চ প্রধানমন্ত্রীর সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে এ পরিকল্পনা নিয়ে আলোচনা হবে।

ফেব্রুয়ারিতে প্রথম কম্পন অনুভূত হয় ১ তারিখে (মাত্রা ৩.০, উৎস সিলেট)। এরপর ৩ তারিখে মিয়ানমার থেকে দুটি (৫.৯ ও ৫.২), সাতক্ষীরা থেকে একটি (৪.১), ৯ ও ১০ তারিখে সিলেটের গোয়াইনঘাটে দুটি (৩.৩ ও ৪.০), ১৯ তারিখে সুনামগঞ্জ থেকে একটি (৪.১), ২৫ তারিখে শক্তিশালী একটি (৫.১), ২৬ তারিখে আরেকটি (৪.৬) এবং ২৭ তারিখে সাতক্ষীরা থেকে সবশেষটি (৫.৪) অনুভূত হয়।

বিশেষজ্ঞরা এ ঘন ঘন কম্পনকে বড় দুর্যোগের আশঙ্কা হিসেবে দেখছেন।