নিজ সংবাদ:
বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে আহসান এইচ মনসুরকে অপসারণ করে মো. মোস্তাকুর রহমানকে নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আইনজীবী আবদুল্লাহ আল মামুন এই রিট দায়ের করেন। রিটে অর্থ সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। রিটে আহসান এইচ মনসুরের নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করে নতুন গভর্নর নিয়োগের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা এবং ওই সিদ্ধান্তের ওপর স্থগিতাদেশ চাওয়া হয়েছে। রিটকারীর পক্ষে আইনজীবী সারোয়ার হোসেন জানান, আগামী সপ্তাহে হাইকোর্টের একটি বেঞ্চে এর শুনানি হতে পারে।
গত ২৫ ফেব্রুয়ারি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এই পরিবর্তনের কথা জানানো হয়। একটি প্রজ্ঞাপনে আহসান এইচ মনসুরের নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করে বলা হয়েছে, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। অন্য প্রজ্ঞাপনে মো. মোস্তাকুর রহমানকে যোগদানের তারিখ থেকে ৪ বছরের জন্য গভর্নর নিয়োগ দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, তাকে অন্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগ করতে হবে এবং আদেশটি জনস্বার্থে অবিলম্বে কার্যকর।
এই আকস্মিক পরিবর্তন নিয়ে অর্থনীতিবিদ, ব্যাংকার ও বিশ্লেষকদের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। অনেকে কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা ও প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন। রিটের মাধ্যমে এই সিদ্ধান্তের আইনি বৈধতা নিয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।