নিজ সংবাদ:
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের অর্থনৈতিক উন্নয়নের সুফল সমাজের সব স্তরের মানুষের কাছে পৌঁছে দিতে সরকার ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালু করছে। এই কর্মসূচিতে কোনো রাজনৈতিক প্রভাব বা দলীয়করণের সুযোগ থাকবে না।
সোমবার (৯ মার্চ) রাজধানীর সচিবালয়ে অর্থ বিভাগের সম্মেলনকক্ষে ফ্যামিলি কার্ড বিতরণ ও বাস্তবায়ন কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, নির্বাচনী অঙ্গীকার পূরণের অংশ হিসেবে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে সরকারের লক্ষ্য ছিল অর্থনৈতিক প্রবৃদ্ধির সুবিধা সবার ঘরে পৌঁছানো। দেশের আর্থিক সক্ষমতা বিবেচনায় এমন বড় সামাজিক কর্মসূচি বাস্তবায়ন চ্যালেঞ্জিং হলেও এটি অত্যন্ত প্রয়োজনীয়। তিনি জানান, প্রধান লক্ষ্য হলো সমাজের সবচেয়ে পিছিয়ে পড়া ও হতদরিদ্র পরিবারগুলোকে আগে সহায়তা প্রদান করা। এসব পরিবারে যে নারী গৃহস্থালির প্রধান ভূমিকা পালন করেন, তাকেই ফ্যামিলি কার্ড প্রদানের মাধ্যমে আর্থিক ও সামাজিকভাবে ক্ষমতায়িত করা হবে। এতে পরিবারের সামগ্রিক জীবনমান উন্নত হবে এবং দারিদ্র্য বিমোচনে সহায়ক ভূমিকা রাখবে।
অর্থমন্ত্রী আশ্বাস দেন, কর্মসূচিটি সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে বাস্তবায়িত হবে, যাতে সত্যিকারের প্রাপ্য মানুষরাই উপকৃত হন।