পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পদ্মা সেতুতে নতুন রেকর্ড: ২৪ ঘণ্টায় ৪ কোটি ৫৪ লাখ টাকা

নিজ সংবাদ:

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখী মানুষের ঢল নামায় পদ্মা সেতুতে যানবাহন পারাপার ও টোল আদায়ের নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার দিবাগত রাত ১২টা থেকে বুধবার দিবাগত রাত ১২টা পর্যন্ত) সেতু দিয়ে মোট ৪১ হাজার ৮৮৫টি যানবাহন পারাপার হয়েছে। এর ফলে দুই প্রান্তের টোল প্লাজা থেকে মোট ৪ কোটি ৫৪ লাখ ৫ হাজার ২৫০ টাকা টোল আদায় করেছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে সেতু কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

পরিসংখ্যান অনুযায়ী, মাওয়া প্রান্ত দিয়ে সবচেয়ে বেশি ২৮ হাজার ৩৯০টি যানবাহন পার হয়েছে, যেখান থেকে টোল আদায় হয়েছে ২ কোটি ৬৬ লাখ ৯৫ হাজার ৫৫০ টাকা। অন্যদিকে জাজিরা প্রান্ত দিয়ে ১৩ হাজার ৪৯৫টি যানবাহন পারাপারের বিপরীতে টোল সংগৃহীত হয়েছে ১ কোটি ৮৭ লাখ ৯ হাজার ৭০০ টাকা। পদ্মা সেতু চালু হওয়ার পর এটিই অন্যতম সর্বোচ্চ টোল আদায়ের দিন হিসেবে বিবেচিত হচ্ছে।

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সেতুর দুই প্রান্তে বাড়তি প্রস্তুতি নেওয়া হয়েছে। এক্সপ্রেসওয়েতে যানবাহনের চাপ থাকলেও হাইওয়ে পুলিশ ও সেতু কর্তৃপক্ষের সমন্বিত প্রচেষ্টায় যান চলাচল স্বাভাবিক রয়েছে। মোটরসাইকেলের জন্য পৃথক লেন, টোল প্লাজায় অতিরিক্ত বুথ চালু এবং ডিজিটাল-ম্যানুয়াল উভয় পদ্ধতির সমন্বয়ে দ্রুত টোল আদায় করা হচ্ছে। সরেজমিনে দেখা গেছে, মাওয়া ও জাজিরা উভয় প্রান্তে ঘরমুখী মানুষের ভিড় থাকলেও সুশৃঙ্খল ব্যবস্থাপনায় যাত্রীদের মধ্যে স্বস্তি বিরাজ করছে।

সেতুর সাইড অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সায়াদ জানান, সকাল থেকে কোনো যানজট ছাড়াই সব ধরনের যানবাহন পার হচ্ছে। ঈদযাত্রা নিরাপদ রাখতে বিশেষ পর্যবেক্ষণ টিম ও আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, ঈদের আগের দিনগুলোতে চাপ আরও বাড়তে পারে, তবে পর্যাপ্ত প্রস্তুতির কারণে বড় ভোগান্তির আশঙ্কা নেই।

পদ্মা সেতু এখন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রধান যোগাযোগের লাইফলাইন। এই বিশাল টোল আদায় দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও যোগাযোগ ব্যবস্থার সাফল্যের প্রতিফলন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।