নাটকীয় জয়ে সেমিফাইনালে ভারত, বিদায় ওয়েস্ট ইন্ডিজ

ক্রীড়া ডেস্ক:
টি–টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের গুরুত্বপূর্ণ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে পাঁচ উইকেটে হারিয়ে সেমিফাইনালে উঠেছে ভারত । কলকাতার ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত এ ম্যাচে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৯৫ রান তোলে ক্যারিবীয়রা । শেষ দিকে রভম্যান পাওয়েল ও জেসন হোল্ডারের ঝোড়ো ব্যাটিংয়ে শেষ ৩৫ বলে আসে ৭৬ রান, তাতে চাপে পড়ে ভারতীয় বোলিং আক্রমণ।
১৯৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ভারত শুরুতেই দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে । তবে অন্যপ্রান্ত আগলে রেখে ঝড়ো ইনিংস খেলেন সঞ্জু স্যামসন; চার ছক্কা ও ১২ চারে ৯৭ রানের অবিশ্বাস্য ইনিংসে দলকে জয়ের দোরগোড়ায় নিয়ে যান তিনি । স্যামসনের ইনিংসেই গড়ে ওঠে টুর্নামেন্টের সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড, ১৯.২ ওভারে ৫ উইকেট হাতে রেখে ১৯৯ রানে পৌঁছে যায় ভারত । এ জয়ে টানা তৃতীয়বারের মতো টি–টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত; মুম্বাইয়ে সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড ।