নিজ সংবাদ:
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর একাধিক দেশের আকাশসীমা বন্ধ থাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইট বাতিলের সংখ্যা ক্রমাগত বাড়ছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে আজ ৯ মার্চ পর্যন্ত মোট ৩৩৫টি ফ্লাইট বাতিল হয়েছে।
সোমবার (৯ মার্চ) একাই ৩৩টি ফ্লাইট বাতিল হয়েছে। এর মধ্যে কুয়েত এয়ারওয়েজের ২টি, এয়ার অ্যারাবিয়ার ৬টি, গালফ এয়ারের ২টি, কাতার এয়ারওয়েজের ৪টি, এমিরেটসের ৪টি, জাজিরা এয়ারওয়েজের ৪টি, ফ্লাই দুবাইয়ের ৪টি, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৩টি এবং ইউএস-বাংলা এয়ারলাইনসের ৪টি ফ্লাইট রয়েছে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে। এর ফলে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইটের রুট পরিবর্তন বা বাতিল হচ্ছে। ফলে ঢাকা বিমানবন্দরের ফ্লাইট সূচিতে ব্যাপক প্রভাব পড়েছে। দিনভিত্তিক বাতিলের সংখ্যা: ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি, ৫ মার্চ ৩৬টি, ৬ মার্চ ৩৪টি, ৭ মার্চ ২৮টি এবং ৮ মার্চ ২৮টি।
বেবিচক জানিয়েছে, আকাশসীমা পুনরায় খোলা না হওয়া পর্যন্ত এই পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। যাত্রীদের ফ্লাইট স্ট্যাটাস যাচাই করে বিমানবন্দরে আসার পরামর্শ দেওয়া হয়েছে।