নিজ সংবাদ:
সপ্তাহের প্রথম কার্যদিবস। অন্যদিনের মতোই রাজধানীর গুলশানের বাসভবন থেকে সচিবালয়ের উদ্দেশে বের হচ্ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাড়ির দরজা খুলে তিনি মুচকি হেসে বললেন, “চলেন যুদ্ধে যাই।”
এই তিন শব্দে উপস্থিত ব্যক্তিগত কর্মকর্তা ও নিরাপত্তা কর্মীরা এক মুহূর্তের জন্য হতচকিত হয়ে পড়েন। পরক্ষণেই সবাই বুঝতে পারেন—দেশ পরিচালনা ও উন্নয়নের প্রতিদিনের সংগ্রামকেই তিনি ‘যুদ্ধ’ বলে বুঝিয়েছেন। প্রধানমন্ত্রীর এই চিরচেনা হাস্যোজ্জ্বল মুখে বলা কথাটি সকালের পরিবেশে নতুন উদ্দীপনা ছড়িয়ে দেয়।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সকাল ৮টা ৪২ মিনিটে বাড়ি থেকে বের হন প্রধানমন্ত্রী। সকাল সাড়ে ৯টার দিকে সচিবালয়ে পৌঁছান। আজও তার সূচিতে রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক। শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন এবং বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর সঙ্গে বৈঠকের কথা রয়েছে। এছাড়া আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক নির্ধারিত আছে।
প্রধানমন্ত্রীর এই সরল কিন্তু গভীর অর্থবহ কথাটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। অনেকে এটিকে দেশ গঠনের প্রতি তার অদম্য প্রতিশ্রুতি ও দায়িত্ববোধের প্রতীক হিসেবে দেখছেন।