খুব শিগগিরই কিউবার পতন, মার্কো রুবিওকে দায়িত্ব দেওয়া হবে- ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, খুব শিগগিরই কিউবার পতন ঘটবে। শুক্রবার (৬ মার্চ ২০২৬) সকালে সিএনএনকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। সিএনএনের উপস্থাপক ডানা ব্যাশের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের সামরিক সাফল্যের কথা তুলে ধরেন এবং অপ্রাসঙ্গিকভাবে কিউবার প্রসঙ্গ টেনে আনেন। তিনি বলেন, “খুব শিগগির কিউবার পতন ঘটবে। তারা একটি চুক্তি করার জন্য মরিয়া হয়ে আছে।” ট্রাম্প আরও উল্লেখ করেন, “তারা চুক্তি করতে চায়। তাই আমি মার্কোকে (পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও) সেখানকার দায়িত্ব দেব। তারপর দেখব কী হয়।”

তবে তিনি স্পষ্ট করে বলেন, এ মুহূর্তে ইরানই তাদের অগ্রাধিকার। ইরানের সঙ্গে চলমান যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত কিউবা নিয়ে পূর্ণাঙ্গ পদক্ষেপ নেওয়া হবে না। এর একদিন আগে হোয়াইট হাউসে ট্রাম্প বলেছিলেন, কিউবার বংশোদ্ভূত মার্কিন নাগরিকদের জন্মভূমিতে ফিরে যাওয়া এখন শুধু সময়ের ব্যাপার। এর মাধ্যমে তিনি ইঙ্গিত দেন যে, ইরানের পর ট্রাম্প প্রশাসনের পরবর্তী লক্ষ্য হতে পারে কিউবা। বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে উদ্দেশ্য করে ট্রাম্প বলেন, “তিনি খুব ভালো কাজ করছেন। আর আপনার পরবর্তী কাজ হবে বিশেষ করে কিউবাকে নিয়ে, যেটা আমরা করতে চাই। তিনি এখন অপেক্ষা করছেন। তবে তিনি বলেছেন, ‘আগে এটাকে শেষ করি।’”

ট্রাম্প আরও বলেন, “আমরা চাইলে সবকিছু একসঙ্গে করতে পারতাম, কিন্তু তখন খারাপ কিছু ঘটে যেত। বছরের পর বছর ধরে বিভিন্ন দেশকে লক্ষ্য করলে দ্রুত করতে গেলে সমস্যা হয়। আমরা আমাদের দেশের সঙ্গে কোনো খারাপ কিছু ঘটতে দেব না।” ট্রাম্পের এই মন্তব্য লাতিন আমেরিকায় নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। কিউবা সরকার এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। বিশ্লেষকরা মনে করছেন, ইরান যুদ্ধের পর ট্রাম্প প্রশাসন কিউবার ওপর অর্থনৈতিক ও রাজনৈতিক চাপ বাড়াতে পারে।