ঈদের আগে সব গার্মেন্টস কারখানায় বেতন-ভাতা পরিশোধের নির্দেশ: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজ সংবাদ:

ঈদুল ফিতরের আগে সব পোশাক কারখানাকে বেতন-ভাতা পরিশোধ করতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার (৮ মার্চ) সচিবালয়ে ঈদুল ফিতর ও স্বাধীনতা দিবস উপলক্ষে আইনশৃঙ্খলা পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, “ঈদযাত্রায় যেন কোনো সমস্যা না হয়, সেদিকে বিশেষ খেয়াল রাখা হবে। ঈদের আগে সব পোশাক কারখানাকে বেতন-ভাতা পরিশোধ করতে বলা হয়েছে। ফলে ঈদের ছুটিতে শ্রমিকরা স্বস্তিতে থাকবে।”
তিনি আরও জানান, কৃচ্ছ্রসাধনের অংশ হিসেবে এবার ২৬ মার্চ স্বাধীনতা দিবসে দেশব্যাপী কোনো আলোকসজ্জা করা যাবে না। তিনি বলেন, “ঐতিহ্যগতভাবে আমরা আলোকসজ্জা করে থাকি। কিন্তু জ্বালানি সংকটের কারণে এবার এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, স্বাধীনতা দিবসের কর্মসূচি ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে সব সংশ্লিষ্ট দপ্তর ও মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে। সাভার স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ, রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীসহ সবার যাতায়াত সহজ করতে সমন্বয় করা হয়েছে। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অতিরিক্ত আইজিপিকে ফোকাল পয়েন্ট করে বিজিএমইএ, বিটিএমইএ, বিকেএমইএ, শ্রমিক ফেডারেশনসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে সমন্বয় করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।