ইরানে বাংলাদেশিদের নিরাপত্তায় উদ্বেগ, সংযম ও কূটনীতির আহ্বান

সাম্প্রতিক হামলার ঘটনায় ইরানে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। রবিবার (১ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হামলার প্রেক্ষাপটে ইরানে বসবাসরত বাংলাদেশিদের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে সরকার অত্যন্ত উদ্বিগ্ন।

বিবৃতিতে অঞ্চলটির কয়েকটি দেশের সার্বভৌমত্ব লঙ্ঘনের নিন্দা জানানো হয়েছে। এসব দেশের মধ্যে রয়েছে বাহরাইন, ইরাক, জর্ডান, কুয়েত, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। সরকার সতর্ক করে বলেছে, শত্রুতা অব্যাহত থাকলে আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও বেসামরিক নাগরিকের কল্যাণ আরও বিপন্ন হবে।

সংশ্লিষ্ট সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়ে বাংলাদেশ মতপার্থক্য নিরসনে সংলাপ ও কূটনৈতিক পথে ফিরে আসার প্রয়োজনের ওপর জোর দিয়েছে। দ্রুত পরিস্থিতি শান্ত হবে এবং অঞ্চলে শান্তি-স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেছে সরকার।