আন্তর্জাতিক ডেস্ক:
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে আয়াতুল্লাহ মোজতবা খামেনির দায়িত্ব গ্রহণে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। সোমবার ক্রেমলিনের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এক বার্তায় পুতিন এ অভিনন্দনবার্তা পাঠান।
বার্তায় পুতিন বলেন, রাশিয়া ইসলামি প্রজাতন্ত্র ইরানের এক নির্ভরযোগ্য অংশীদার ছিল এবং ভবিষ্যতেও থাকবে। তিনি মস্কোর ‘অবিচল সমর্থন’ পুনর্ব্যক্ত করে বলেন, এমন এক কঠিন সময়ে মোজতবা খামেনি এই উচ্চ দায়িত্ব গ্রহণ করেছেন, যখন ইরান বহিরাগত সশস্ত্র আগ্রাসনের মোকাবিলা করছে।
পুতিন আরও উল্লেখ করেন, এই মেয়াদকালে সাহস, দৃঢ়তা ও নিষ্ঠার প্রয়োজন হবে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “আমি নিশ্চিত যে, আপনি আপনার পিতা আয়াতুল্লাহ আলী খামেনির কাজগুলো সম্মানের সঙ্গে এগিয়ে নেবেন এবং ইরানের জনগণকে ঐক্যবদ্ধ রাখতে সক্ষম হবেন।”
এই অভিনন্দনবার্তা রাশিয়া-ইরানের কৌশলগত সম্পর্কের গভীরতা এবং বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে দুই দেশের ঘনিষ্ঠ সহযোগিতার প্রতিফলন ঘটিয়েছে। পুতিনের এই পদক্ষেপ ইরানের নতুন নেতৃত্বের প্রতি আন্তর্জাতিক সমর্থনের একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে।