আসাদুজ্জামান খান কামালের স্ত্রীর ২০ লাখ টাকার সঞ্চয়পত্র ফ্রিজ

নিজ সংবাদ:

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের স্ত্রী লুৎফুল তাহমিনা খানের দুটি সঞ্চয়পত্র ফ্রিজ (অবরুদ্ধ) করার আদেশ দিয়েছেন আদালত। এসব সঞ্চয়পত্রে মোট বিনিয়োগের পরিমাণ ২০ লাখ টাকা। বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজের আদালত এ আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। দুদকের উপপরিচালক ও তদন্তকারী কর্মকর্তা মুহাম্মদ জয়নাল আবেদীন আবেদনটি দাখিল করেন।

আবেদনে বলা হয়েছে, মামলার তদন্তে দেখা গেছে লুৎফুল তাহমিনা খান ১৫ কোটি ৪৬ লাখ ৯৪ হাজার ৫৯১ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করে ভোগদখলে রেখেছেন। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ক্ষমতার অপব্যবহার করে তার স্ত্রীকে অপরাধে সহায়তা করেছেন এবং নিজের ও আংশিক মালিকানাধীন প্রতিষ্ঠানের নামে একাধিক ব্যাংক হিসাবে জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত মোট ৪৩ কোটি ৭৭ লাখ ৭৪৫ টাকার সন্দেহজনক লেনদেন করেছেন। এসব অর্থের স্থানান্তর, হস্তান্তর ও রূপান্তরের মাধ্যমে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে শাস্তিযোগ্য অপরাধ করা হয়েছে।

আবেদনে আরও উল্লেখ করা হয়, তদন্তকালে বিশ্বস্ত সূত্রে জানা গেছে আসামিরা অপরাধলব্ধ সম্পত্তি হস্তান্তরের চেষ্টা করছেন। এতে মামলার মূল উদ্দেশ্য ব্যর্থ হতে পারে। তাই বিচার শেষে সরকারের অনুকূলে সম্পত্তি বাজেয়াপ্তির সুবিধার্থে এসব অস্থাবর সম্পদ অবরুদ্ধ করা প্রয়োজন। আদালতের এ আদেশের ফলে দুদকের তদন্ত আরও গতিশীল হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।