নিজ সংবাদ:
জ্বালানি তেলের সরবরাহ ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে দেশের গুরুত্বপূর্ণ তেল ডিপোগুলোর নিরাপত্তা জোরদার করতে সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার (৯ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের এক বার্তায় এ তথ্য জানানো হয়।
মন্ত্রণালয়ের বার্তায় বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে ডিলারদের হঠাৎ বেড়ে যাওয়া চাহিদার কারণে কয়েকটি ডিপো থেকে পর্যাপ্ত জ্বালানি তেল সরবরাহ করা সম্ভব হচ্ছে না। এতে কয়েকটি গুরুত্বপূর্ণ ডিপোতে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে।
ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত ডিপোগুলো হলো—চট্টগ্রামের পতেঙ্গা (প্রধান স্থাপনা), খুলনার দৌলতপুর, সিরাজগঞ্জের বাঘাবাড়ি, নারায়ণগঞ্জের গোদনাইল ও ফতুল্লা, দিনাজপুরের পার্বতীপুর এবং বরিশাল ডিপো। এসব স্থাপনা কেপিআই (কী পয়েন্ট ইনস্টলেশন) হিসেবে চিহ্নিত গুরুত্বপূর্ণ জাতীয় স্থাপনা। তাই জরুরি ভিত্তিতে এদের নিরাপত্তা নিশ্চিত করা অত্যাবশ্যক। এ কারণে উল্লিখিত ডিপোগুলোর সার্বিক নিরাপত্তা জোরদার করতে সেনাবাহিনী মোতায়েনের উদ্যোগ নেওয়া হয়েছে। মন্ত্রণালয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছে।
জ্বালানি তেলের সরবরাহ ব্যবস্থায় সাময়িক চাপ সৃষ্টি হলেও মন্ত্রণালয় জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। সেনাবাহিনীর মোতায়েনের মাধ্যমে ডিপোগুলোর নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করা হবে, যাতে জ্বালানি সরবরাহ ব্যবস্থায় কোনো বিঘ্ন না ঘটে এবং জনগণের দৈনন্দিন চাহিদা পূরণ অব্যাহত থাকে।